আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট || ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে উপলক্ষে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে দু’দিন ব্যাপী শুরু হয়েছে আলোকচিত্র প্রদর্শনী। এবছরের থিম হচ্ছে “ত্রিপুরা ট্যুরিজম”। ত্রিপুরার প্রকৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যায়নের দৃশ্যগুলো ভেসে উঠেছে ছবি আকারে। যে জায়গা গুলো আগামী দিনে সম্ভাব্য ট্যুরিজম স্পট হয়ে উঠবে সেগুলোর দৃশ্যও চিত্র সাংবাদিকরা নিউজ কভার করতে গিয়ে ক্যামেরাবন্দি করেছে। এ ধরনের প্রায় ৭০ খানা ছবি প্রদর্শিত হয়েছে এই অনুষ্ঠানে। শনিবার সকাল ১১টায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। পরবর্তী সময় মুখ্যমন্ত্রী ক্যামেরা গলায় ঝুলিয়ে ছবি ক্লিক করেছেন এবং প্রত্যেকটা ছবির পুঙ্খনাপুঙ্খ দিক দেখে প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন।
পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী বলেন, ছবি কথা বলে। পর্যটকদের আকর্ষণ বাড়াতে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। যে ছবিগুলো প্রদর্শিত হয়েছে সেই ছবিগুলো দেখলেই বোঝা যায় যে পর্যটনের মান কতটা উন্নয়নের পথে। আগের তুলনায় দেশি বিদেশী পর্যটকদের আসা যাওয়ার মান অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগটা যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছরিয়ে পরে তবে পর্যটনের ক্ষেত্রে একটা দারুন বার্তা বইবে। আগামী দিনে বহিঃরাজ্যের পর্যটকরা আমাদের ত্রিপুরায় আসবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সম্পাদক রমাকান্ত দে, বিশিষ্ট সাংবাদিক প্রনব সরকার, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিষেক সাহা, সভাপতি প্রলয়জিৎ পাল, সহ-সভাপতি সুমন দেব রায়, বরিষ্ঠ চিত্র সাংবাদিক বিকাশ কোলে সহ অ্যাসোসিয়েশনের সকল সভ্য সভ্যারা। রবিবার সকাল ১১টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
