বেকারের কর্মসংস্থান, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ সহ সপ্তাহব্যাপী প্রচার কর্মসূচীতে খোয়াইয়ে যুব মিছিল

গোপাল সিং, খোয়াই, ০৩ সেপ্টেম্বর || বেকারের কর্মসংস্থান ও দ্রব্যমূল্য বৃদ্ধির নিয়ন্ত্রণ সহ বিভিন্ন দাবীর ভিত্তিতে সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির আহ্বানে সপ্তাহব্যাপী প্রচার কর্মসূচীর অঙ্গ হিসেবে রবিবার খোয়াইয়ে হলো সারা জাগানো যুব মিছিল।মধ্যভাদ্রের তপ্তরোদে পীচগলা রাজপথে এদিন নামে যুবকেরা। প্রখর খরতাপে দগ্ধদিনে এদিন বেলা এগারোটা থেকে ডি ওয়াই এফ আই ও টি ওয়াই এফ’র ডাকে যুবকেরা জড়ো হতে থাকে পার্শ্বনাথ মুকুল ভবন প্রাঙ্গণে। বেলা বারোটার একটু পরে গণগণে সূর্য্যের উত্তপ্ত কিরণ গায়ে নিয়ে কবিগুরু পার্কের রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে বের হয় মিছিল। একে একে বনকর ও নতুন টাউন হল কমপ্লেক্স পার হয়ে মিছিল জননেতা রঞ্জন রায় সেতুর ওপর দিয়ে ভগিনী নিবেদিতা পার্ক ও এন সি অ্যাভেনিউ অতিক্রম করে জেলা শহরের প্রাণকেন্দ্র সুভাষপার্ক বাজার পরিক্রমা করে স্বামী বিবেকানন্দ সরণী ঘুরে আবার একই সড়ক ধরে একসময় রবীন্দ্র মূর্তির পাদদেশে এসে শেষ হয়।শ্লোগান সোচ্চার গর্জমান যুব মিছিলের পুরোভাগে ছিলেন গণ আন্দোলনের নেতা তথা বিধায়ক নির্মল বিশ্বাস, ডি ওয়াই এফ আই’র রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, সংগঠনের বিভাগীয় সম্পাদক গৌতম পাল, বিভাগীয় সভানেত্রী মল্লিকা শীল, টি ওয়াই এফ’র বিভাগীয় সভাপতি বীরেশ দেববর্মা , কৃষকনেতা কানন দত্ত ও প্রাক্তন যুবনেতা মনোজ দাস প্রমুখ।
মিছিল শেষে রাজ্য যুবনেতা পলাশ ভৌমিক সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে বলেন, ডাবল ইঞ্জিন সরকারের নামে বিজেপি দেশের সাধারণ মানুষকে দুঃশাসনের জাঁতাকলে পিষে মারতে উদ্যত। জীবন যন্ত্রনায় ছটফট করছে শ্রমজীবী মানুষ অত্যাচারের স্টিম রোলার নামিয়ে দেওয়া হয়েছে রুজি রোজগারহীন সাধারণ মানুষের উপর। কাজের অভাবে দিশেহারা বেকার যুবকেরা। কষ্টার্জিত একশো দিনের কাজের অধিকার কেড়ে নিয়ে গরীব শ্রমজীবী মানুষকে উপবাসের অন্ধকারে নিমজ্জিত করে দেওয়া হচ্ছে। সারা দেশের মানুষ আজ লড়াই সংগ্রামের ময়দানে। দুর্বার গণ আন্দোলনের মধ্য দিয়ে কেন্দ্রের সরকারকে জনবিরোধী নীতির অভিমুখ পরিবর্তনে বাধ্য করতে হবে। পরাস্ত করতে হবে ডাবল ইঞ্জিন সরকারের চালকের আসনে বসা দুর্বিনীত বিজেপি’কে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*