আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর || রাজ্যের গনবন্টন ব্যবস্থায় যুক্ত হল নতুন পালক। আসন্ন শারদোৎসব উপলক্ষ্যে গণবন্টন ব্যবস্থায় ভোজ্য তেল সরবরাহ এবং ভোক্তাদের মধ্যে বিনামূল্যে ক্যানভাস ব্যাগ প্রদান করা হবে। এই উদ্যোগ সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে রাজ্যের সরকারের একটি অন্যতম পদক্ষেপ।
মঙ্গলবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে গণবন্টন ব্যবস্থায় ভোজ্য তেল সরবরাহ এবং ভোক্তাদের মধ্যে বিনামূল্যে ক্যানভাস ব্যাগ প্রদানের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ দপ্তরের আধিকারিকরা।
গনবন্টন ব্যবস্থাকে আরও সুদৃঢ় করার জন্য প্রাথমিকভাবে রাজ্যের ৬০০টি ন্যায্য মূল্যের দোকানকে মডেল রেশন শপে রূপান্তর করা হবে। এই লক্ষ্যে এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত কার্য্যক্রমে কয়েকজন রেশন ডিলারের হাতে ৫,০০০ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। এছাড়াও খাদ্য দপ্তরের সাথে যুক্ত প্রায় ৬৩৫ জন শ্রমিককে এই বছর ২,০০০ টাকা করে পূজার অনুদান দেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী কয়েকজন শ্রমিকের হাতে চেক তুলে দেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, শারদোৎসবের পূণ্য তিথিতে প্রতিটি গৃহকে আরোও উৎসব মুখর করে তুলতে এটি রাজ্য সরকারের বিশেষ উপহার। তিনি বলেন,, আজ থেকে গনবন্টন ব্যবস্থার মাধ্যমে দেওয়া হচ্ছে নিত্যপ্রয়োজনীয় একাধিক দ্রব্যের পাশাপাশি প্রথমবারের মতো ভর্তুকিমূল্যে সর্ষের তেল সহ বিনামূল্যে সুদৃশ্য ক্যানভাস ব্যাগ। উৎসবের এই বিশেষ দিনগুলোতে মা অন্নপূর্ণার আশীর্বাদে সবার জীবন মঙ্গলময় হোক বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
