সাগর দেব, তেলিয়ামুড়া, ২৭ জানুয়ারি || “WANSEA GET OUT, RED ZONE” একথা রাস্তায় লিখে একপ্রকার বার্তা দিয়ে বাঙ্গালীদের বাড়িঘর চিহ্নিত করে রাতের অন্ধকারে হামলা চালিয়ে প্রায় ১৪টি সরকারি ঘর ভেঙে তছনছ করে দেয় দুষ্কৃতিদের একটা চক্র। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন কলই পাড়া এলাকায়। ঘটনার জেড়ে গাছের লগ ফেলে সড়ক অবরোধের শামিল এলাকার বাঙালিরা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
ঘটনার বিবরণে প্রকাশ, তেলিয়ামুড়া আর.ডি ব্লক এলাকার উত্তর ব্রহ্মছাড়ার কলই পাড়াতে শুক্রবার রাতের অন্ধকারে রাস্তায় “WANSEA GET OUT, RED ZONE” এই কথা লিখে সংশ্লিষ্ট এলাকার বাঙ্গালীদের বাড়িঘর চিহ্নিত করে প্রায় ১৪টি নির্মীয়মান সরকারি ঘর ভেঙে তছনছ করে দেয় দুষ্কৃতি চক্র। পরদিন সকালে অর্থাৎ শনিবার এই ঘটনা প্রত্যক্ষ করতে পারে এলাকার বাঙালি অংশের মানুষজনেরা। এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে স্থানীয় এলাকার বাঙ্গালী অংশের লোকজন শনিবার সকাল ৯টা থেকে ব্রহ্মছাড়া-কাঁকড়াছড়া সড়কে গাছের লগ ফেলে সড়ক অবরোধের শামিল হয়।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, স্থানীয়দের অভিযোগ প্রদ্যুৎতের কোনো এক মন্তব্যের জেরেই দুষ্কৃতিকারীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। স্থানীয়দের আরো অভিযোগ এই ধরনের ঘটনা ঘটিয়ে রাজ্যে জাতিগত সুড়সুড়ি দেওয়ার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে একটা দুষ্কৃতি চক্র।
পরবর্তীতে এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা মোবাইলে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন এবং আশ্বাস দেন শনিবারের মধ্যেই এই এলাকায় একটি নিরাপত্তা চৌকি বসানো হবে। মন্ত্রীর কাছ থেকে এই আশ্বাস পেয়ে এগারোটা নাগাদ অবরোধ তুলে নেওয়া হয়।
