আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী || আসন্ন লোকসভা নির্বাচনের আগে জনসংযোগ কর্মসূচীতে জোর দিয়েছে শাসকদল বিজেপি। গত ৭ই ফেব্রুয়ারি থেকে সারা দেশের সঙ্গে রাজ্যব্যাপী শুরু হয়েছে গ্রাম চলো অভিযান কর্মসূচীর। শনিবার মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র বড়দোয়ালীতে শুরু হল গ্রাম চলো অভিযান। এই কর্মসূচির অঙ্গ হিসেবে এলাকার নতুন ভোটার সহ বয়োজ্যেষ্ঠদের সঙ্গে আলাপচারিতা সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয় বিজেপি রাজ্য নেতৃত্বরা।
দেশের ৭০ শতাংশ মানুষ গ্রামে বাস করে। তাই “গ্রাম চলো অভিযান” নামে একটি কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি। দেশের ৭ লক্ষ গ্রামে গিয়ে মানুষের কাছে পৌঁছাতে জনসংযোগ অভিযানের অঙ্গ হিসেবে গ্রাম চলো অভিযান কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। পাশাপাশি শহরাঞ্চলেও জনসংযোগ কর্মসূচি চলবে। ত্রিপুরা রাজ্যের ৩,৩৪৯টি বুথে এই কর্মসূচিতে অংশ নেবে ৩,৩৪৯ জন নেতৃত্ব।
জানা যায়, কর্মসূচিতে অংশ নিয়ে বুথ কমিটি গুলি নিয়ে সভা করবেন, ভোটার তালিকা গুলি পরিদর্শন করবেন, নতুন ভোটারদের সাথে মিলিত হবেন, বুথের বিশিষ্ট নাগরিকদের সাথে দেখা করে কথা বলবেন, বিকশিত ভারত সংকল্প যাত্রা মাধ্যমে যারা বেনিফিশিয়ারি হয়েছে তাদের সাথে দেখা করে কথা বলবেন এবং মুক্তিযোদ্ধা ও শহিদ কেউ থাকলে সেই পরিবারের সাথে দেখা করে কথা বলবেন নেতৃত্বতা।
