মনোনয়নপত্র দাখিল করলেন বিপ্লব কুমার দেব, এখনো পর্যন্ত পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে মনোনয়ন জমা পড়েছে ৯টি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ || বুধবার নিজের মায়ের আশির্বাদ নিয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল করলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন রাজধানী আগরতলায় এক বিশাল মিছিল সংগঠিত করে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক তথা রিটার্নিং অফিসার ডাঃ বিশাল কুমারের নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি। এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, কৃষিমন্ত্রী রতন লাল নাথ, তিপ্রা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেব বর্মণ, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সভানেত্রী পাপিয়া দত্ত প্রমুখ।
এদিন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডাঃ বিশাল কুমার জানিয়েছেন, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে এখনো পর্যন্ত মোট ৯টি মনোনয়ন জমা পড়েছে। তিনি বলেন, আজ বিজেপির পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদার এবং কংগ্রেসের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী আশীষ কুমার সাহা মনোনয়নপত্র দাখিল করেন।
তিনি বলেন, পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে বহুজন মুক্তি পার্টির ব্রজলাল দেবনাথ, নির্দল প্রার্থী রমেন্দ্র রিয়াৎ, রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (এ) এর অর্ণব রায়, নির্দল প্রার্থী বলরাম দেববর্মা, নির্দল প্রার্থী (আদি বিজেপি) মিলনপদ মুড়াসিং, আমরা বাঙ্গালী দলের প্রার্থী গৌরী শঙ্কর নন্দী, এসইউসিআই (সি) এর প্রার্থী অরুণ কুমার ভৌমিক মনোনয়নপত্র জমা দিয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*