গণতন্ত্র হত্যা দিবস স্মরণে রাজ্যে বিশেষ প্রদর্শনী ও আলোচনা চক্র

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন || গণতন্ত্রের মাতৃভূমি ভারতবর্ষ একদিন গণতন্ত্রের বধ্যভূমিতে রূপান্তরিত হয়েছিল ১৯৭৫ সালের ২৫শে জুন। সেই দিন স্মরণে বুধবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় ‘সংবিধান হত্যা দিবস’ উপলক্ষে বিশেষ প্রদর্শনী ও আলোচনা চক্র।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। তিনি ১৯৭৫ সালের সেই বিভীষিকাময় সময়ের স্মৃতি রোমন্থন করে বলেন, “শুধুমাত্র চেয়ারে টিকে থাকার লোভে ২১ মাস ধরে ভারতের সংবিধান প্রদত্ত নাগরিকদের মৌলিক অধিকার নিলম্বিত ছিল। রুদ্ধ ছিল মুক্ত কণ্ঠস্বর, স্তব্ধ ছিল সংবাদমাধ্যম।”
এই বিশেষ আলোচনাচক্রে জরুরি অবস্থার সময় আটক তদানীন্তন ‘জাগরণ’ পত্রিকার সম্পাদক শ্রদ্ধেয় স্রোতরঞ্জন খিসা তাঁর কারাবাসের দুঃসহ অভিজ্ঞতার কথা শোনান নবপ্রজন্মের কাছে। তিনি বলেন, “সেই সময়ে সত্যের পক্ষে কলম ধরাটা ছিল মৃত্যুকে আলিঙ্গন করার সমান।”
প্রদর্শনীতে ১৯৭৫ সালের জরুরি অবস্থার সময়কার পত্রপত্রিকা, নথি, ছবি ও পোস্টার স্থান পেয়েছে। উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট নাগরিকবৃন্দ, শিক্ষাবিদ ও ছাত্রছাত্রীরা।
অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল জরুরি অবস্থার সেই কালো অধ্যায় সম্পর্কে নতুন প্রজন্মকে অবগত করা এবং গণতন্ত্রের মুল্যবান উত্তরাধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টি করা। এই অনুষ্ঠানে সাংসদ বিপ্লব কুমার দেব, সাংসদ রাজীব ভট্টাচার্যও উপস্থিত ছিলেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*