আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন || আজ থেকে ঠিক ৫০ বছর পূর্বে স্বাধীন ভারতের ইতিহাসে নেমে এসেছিল জরুরীকালের কালো ছায়া। ১৯৭৫ সালের ২৫শে জুন ক্ষমতালোভী কংগ্রেস সরকারের ঘৃণ্য ষড়যন্ত্রে রক্তাক্ত হয়েছিল দেশের সংবিধানের আত্মা। সেই কলঙ্কময় অধ্যায়কে স্মরণ করে বুধবার রাজধানীর সুকান্ত অ্যাকাডেমিতে ছায়া সংসদ (Mock Parliament)-এর আয়োজন করে ভারতীয় জনতা যুব মোর্চা, ত্রিপুরা প্রদেশ কমিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি ছায়া সংসদে অংশগ্রহণকারী যুব মোর্চার কর্মীদের উৎসাহ প্রদান করেন এবং বলেন, “গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে তরুণ প্রজন্মের সচেতনতা ও অঙ্গীকার একান্ত প্রয়োজন। ১৯৭৫ সালের জরুরি অবস্থা আমাদের শেখায়, সংবিধান ও নাগরিক অধিকার কতটা মূল্যবান।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা সংসদীয় কেন্দ্রের সাংসদ রাজীব ভট্টাচার্য এবং বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব। তাঁরা তাঁদের বক্তব্যে ১৯৭৫ সালের জরুরী অবস্থার ভয়াবহতা তুলে ধরে গণতান্ত্রিক অধিকার রক্ষার গুরুত্বের ওপর জোর দেন।
ছায়া সংসদে যুব মোর্চার সদস্যরা ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ তম সংবিধান সংশোধনী, মিসা (MISA) আইন এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো খর্বের মতো বিষয়গুলো নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক যুবক-যুবতী, ছাত্রছাত্রী এবং বিজেপি’র বিভিন্ন শাখা সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন যুব মোর্চার রাজ্য সভাপতি অমুক লাল। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা ছায়া সংসদে অংশ নেওয়া যুবাদের অভিনন্দন জানান।
