‘ধরতি আবা জনভাগিদারী’ অভিযানের সফল সমাপ্তি, পদ্মবিলে বর্ণাঢ্য অনুষ্ঠান

গোপাল সিং, খোয়াই, ৩০ জুন || সারা দেশের সাথে তাল মিলিয়ে খোয়াই জেলায় ১৫ দিনব্যাপী ‘ধরতি আবা জনজাতি ভাগিদারী অভিযান’-এর সফল সমাপ্তি ঘটল। জেলার জনজাতি অংশের মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছিল। সোমবার খোয়াই জেলার মূল সমাপ্তি অনুষ্ঠানটি পদ্মবিল আরডি ব্লকে অনুষ্ঠিত হয়, যেখানে উপভোক্তাদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়।
গত ১৫ দিন ধরে খোয়াই জেলার ৩৬টি এডিসি ভিলেজে এই অভিযান চালানো হয়েছে। এই সময়ে প্রত্যন্ত এলাকায় সচেতনতা শিবির আয়োজন, বিভিন্ন প্রয়োজনীয় শংসাপত্র প্রদান এবং সরকারি প্রকল্পের সুবিধা যোগ্য উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রাপ্তি নিশ্চিতকরণ শিবির অনুষ্ঠিত হয়।
পদ্মবিলের এই সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন পদ্মবিল বিএসি চেয়ারম্যান প্রশান্ত দেববর্মা, ব্লকের বিডিও অমিত কুমার জমাতিয়া এবং ভাইস চেয়ারম্যান সুরজিৎ দেববর্মা।
সমাপ্তি অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রাঙ্গণে বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে স্টল খোলা হয়, যেখানে নানা প্রকল্পের বিষয়ে তথ্য প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষে জনজাতি অংশের মানুষের আর্থ-সামাজিক মানোন্নয়নের লক্ষ্যে সরকারি বিভিন্ন প্রকল্প থেকে উপভোক্তাদের হাতে আইস বক্স সহ নানা প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। এই অভিযানের মাধ্যমে জেলার জনজাতি অংশের মানুষ ব্যাপকভাবে উপকৃত হয়েছেন বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*