আপডেট প্রতিনিধি, কৈলাসহর, ৩০ জুন || বিদ্যুৎ এবং পানীয় জলের সংকট দীর্ঘদিন ধরেই লেগে আছে কৈলাসহর ধলিয়ারকান্দি ২ নম্বর ওয়ার্ড এলাকায়। সোমবার সকালে সেই দাবিতে একজোট হয়ে রাস্তায় নামলেন স্থানীয় বাসিন্দারা। ধলিয়ারকান্দি এলাকার ক্ষুব্ধ জনতা এদিন কৈলাসহর বাবুরবাজার ও টিলাবাজারের সংযোগকারী মূল সড়কে পথ অবরোধ করেন।
এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানীয় জলের তীব্র সংকট ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে নিত্যদিনের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। বহুবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের দাবি, সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ চলবে।
পথ অবরোধের জেরে রাস্তার দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকে পড়েন বহু যাত্রী ও পথচারী। স্থানীয়দের এই আকস্মিক আন্দোলনের ফলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা এলাকায়।
আন্দোলনকারীরা জানিয়েছেন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই তারা বাধ্য হয়ে এই পথ অবরোধের পথ বেছে নিয়েছেন।
