আপডেট প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই || রাজ্যে বিদ্যুৎ ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে আজ থেকে শুরু হলো স্মার্ট মিটার স্থাপনের কাজ। এই প্রকল্পের প্রথম ধাপে মুখ্যমন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রীসহ রাজ্য সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রীদের বাসভবনে স্মার্ট মিটার বসানোর কাজ শুরু করা হয়।
রাজ্য বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, ধাপে ধাপে গোটা রাজ্যে গ্রাহকদের পুরোনো মিটার বদলে নতুন স্মার্ট মিটার বসানো হবে। এর মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের স্বচ্ছতা ও নির্ভুল বিল প্রদান নিশ্চিত করা যাবে। একই সঙ্গে গ্রাহকরা নিজেরা মিটার রিডিং পর্যবেক্ষণ করতে পারবেন এবং বিদ্যুৎ ব্যবহার নিয়ন্ত্রণেও সুবিধা পাবেন।
এদিন মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রথম স্মার্ট মিটার বসানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই রাজ্যের অধিকাংশ শহর ও গ্রামীণ এলাকায় এই স্মার্ট মিটার প্রকল্প বাস্তবায়িত হবে।
এই উদ্যোগে সাধারণ মানুষ যেমন উপকৃত হবেন, তেমনি বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকীকরণেও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে একে।
