আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই || রবিবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কেঁপে উঠলো সেকেরকোট সংলগ্ন জাতীয় সড়ক। সেকেরকোট ব্রিজের কাছে একে অপরের মুখোমুখি তিনটি যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হলেন একাধিক যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় সড়কের উপর দিয়ে দ্রুতগতিতে চলছিল গাড়িগুলি। হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় তিনটি গাড়ির মধ্যে। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে গাড়িগুলোর সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং খবর দেওয়া হয় পুলিশ ও অ্যাম্বুলেন্সে।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁদের মধ্যে কয়েকজনকে ভর্তি করা হয়েছে আগরতলার হাঁপানিয়া মেডিকেল কলেজে, আর কিছুজনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বিশালগড় মহকুমা হাসপাতালে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অতিরিক্ত গতি ও সামান্য অসাবধানতার ফলেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
দুর্ঘটনার জেরে ওই অংশে কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
