আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই || মেলারমাঠ এলাকার একটি দোকান থেকে চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধারে বড় সাফল্য পেল পশ্চিম আগরতলা থানার পুলিশ। চুরির ঘটনার পর তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করেছে দুজন অভিযুক্তকে এবং তাদের কাছ থেকে চুরি যাওয়া ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে।
ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে পশ্চিম আগরতলা মহকুমার এসডিপিও দেবপ্রসাদ রায় জানান, বেশ কিছুদিন আগে মেলার মাঠ এলাকার একটি দোকান থেকে ল্যাপটপ চুরির অভিযোগ থানায় জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং তথ্যপ্রযুক্তি সহ অন্যান্য সূত্র ধরে অভিযান চালিয়ে দুই চোরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে আগেও একাধিক অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানান এসডিপিও। চুরির পেছনে কোনো বৃহৎ চক্র রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।
পুলিশ সূত্রে খবর, এই ধরনের অপরাধ দমনে নজরদারি আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে আরও সচেতন থাকার এবং সন্দেহভাজন কিছু দেখলেই পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
