স্বচ্ছ সমীক্ষায় জাতীয় সম্মান, ‘প্রতিশ্রুতিশীল শহর’-এর স্বীকৃতি পেল খোয়াই

গোপাল সিং, খোয়াই, ১৭ জুলাই || দিল্লিতে বাজিমাত খোয়াইয়ের! দেশের সেরা ‘প্রতিশ্রুতিশীল শহর’-এর মুকুট উঠল মাথায়।
স্বচ্ছতা ও নাগরিক পরিষেবায় উৎকৃষ্ট অবদানের জন্য জাতীয় স্তরে সম্মানিত হলো খোয়াই পুর পরিষদ। স্বচ্ছ সমীক্ষা ২০২৪-২৫-এ ‘রাজ্য পর্যায়ে প্রতিশ্রুতিশীল শহর’ (Promising City at the State Level) হিসেবে খোয়াই শহরকে এই গৌরবময় সম্মান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টরের হাত থেকে খোয়াইয়ের পক্ষে এই সম্মান গ্রহণ করেন রাজ্যের মন্ত্রী টিংকু রায় এবং খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা।
এই সাফল্য শুধুমাত্র খোয়াই শহরের নয়, বরং সমগ্র ত্রিপুরা রাজ্যের জন্য একটি গর্বের অধ্যায়। এই পুরস্কার প্রাপ্তির পর, পুর পরিষদের পক্ষ থেকে জানানো হয় যে, খোয়াইবাসীর সক্রিয় সহযোগিতা ও সচেতনতা ছাড়া এই সাফল্য সম্ভব ছিল না। স্বচ্ছ, সবুজ ও আধুনিক ত্রিপুরা গড়ার লক্ষ্যে খোয়াইয়ের এই মডেল সমগ্র রাজ্যের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল। খোয়াই আজ শুধু একটি শহর নয়, স্বচ্ছ ও সুন্দর ত্রিপুরা গড়ার পথের এক উজ্জ্বল নক্ষত্র। পুর পরিষদ আগামী দিনেও শহরবাসীর আশীর্বাদ ও পরামর্শ নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*