আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই || চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক এক ঘটনার সাক্ষী থাকল রাজধানীর চন্দ্রপুর এলাকা। রবিবার রাতে এক মহিলা তার ভাসুরের হাতে ভয়ঙ্করভাবে আক্রান্ত হন। ওই মহিলার মুখমণ্ডল সহ জিহ্বা এবং দুই হাতে গুরুতর আঘাত করা হয়েছে বলে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় আহত মহিলাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এই পাশবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সোমবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে পূর্ব আগরতলা মহিলা থানায় ডেপুটেশন প্রদান করা হয়। অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি এবং নির্যাতিতা মহিলার সুরক্ষা ও সুবিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
নারী সমিতির নেত্রীরা জানান, এই ধরনের নৃশংস ঘটনা রাজ্যে নারীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলছে। প্রশাসনকে অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে তারা আহ্বান জানান।
