স্কুলের ভেতর থেকে ড্রাগস সহ এক ব্যাক্তি আটক, বাড়ছে উদ্বেগ

গোপাল সিং, খোয়াই, ২৪ জুলাই || শিক্ষার পীঠস্থানেই এবার নেশার থাবা। খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মিড-ডে মিল রুম সংলগ্ন এলাকা থেকে শনিবার বিকেলে ড্রাগস সহ এক যুবককে হাতেনাতে আটক করেছে সাদা পোশাকের পুলিশ। এই ঘটনায় শহরের শুভবুদ্ধিসম্পন্ন মহলে তীব্র উদ্বেগ ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম প্রদীপ দেব। গোপন সংবাদের ভিত্তিতে, শনিবার বিকেল আনুমানিক সাড়ে চারটা নাগাদ সাদা পোশাকের পুলিশ বিদ্যালয় চত্বরে অভিযান চালায়। সেখানে মিড-ডে মিল রুমের পাশ থেকে ড্রাগস সহ প্রদীপ দেবকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। সঙ্গে সঙ্গে সুভাষপার্ক আউটপোস্টে খবর দেওয়া হলে সেখান থেকে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। স্কুলের মতো একটি সুরক্ষিত জায়গায় কীভাবে ড্রাগসের কারবার চলছে, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে, ড্রাগসের নেশা কীভাবে যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের দোরগোড়ায় নেশার এই রমরমা রুখতে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন শহরবাসী। পুলিশ ধৃতকে জেরা করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*