স্মার্ট মিটারের বিল যন্ত্রনায় নাজেহাল পশ্চিম পিলাকের বাসিন্দারা, ন্যায্য দাবিতে সরব জনতা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৪ জুলাই || স্মার্ট মিটার বসানোর পর বিদ্যুৎ বিল নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা অন্তর্গত পশ্চিম পিলাক এলাকার সাধারণ মানুষ। অভিযোগ, স্মার্ট মিটারে অতিরিক্ত চার্জ, শুল্ক, ফুয়েল সারচার্জ সহ একাধিক যুক্ত খরচে বিদ্যুৎ বিল অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, তাঁরা যতটুকু বিদ্যুৎ ব্যবহার করছেন, তার চেয়ে অনেক বেশি বিল আসছে প্রতিমাসে। পূর্বে এমন পরিস্থিতি কখনো দেখা যায়নি। স্মার্ট মিটার বসানোর পর থেকেই বিদ্যুৎ বিল একপ্রকার ভয় ধরিয়ে দিয়েছে সাধারণ পরিবারগুলোর মনে।
বিশেষ করে এই অঞ্চলের অধিকাংশ মানুষ দিনমজুরির উপর নির্ভরশীল। দৈনিক রোজগারে সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে প্রতি মাসে তিনগুণ চারগুণ বিদ্যুৎ বিল পরিশোধ করা একপ্রকার অসম্ভব হয়ে উঠছে। অভিযোগ, এক ব্যক্তির বিদ্যুৎ বিলই এক লক্ষ টাকার গণ্ডি ছাড়িয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক বলে মনে করছেন স্থানীয়রা।
এই পরিস্থিতিতে এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে স্মার্ট মিটার বিরোধী আন্দোলনে সরব হয়েছেন। তাঁরা দ্রুত এই সংকট নিরসনের দাবিতে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং বিদ্যুৎ মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তে স্মার্ট মিটার নিয়ে অসন্তোষ দেখা দিলেও পশ্চিম পিলাক এলাকায় সমস্যা প্রকট আকার ধারণ করেছে। এখন দেখার বিষয়, বিদ্যুৎ দপ্তর ও রাজ্য সরকার সাধারণ মানুষের এই সমস্যার সমাধানে কী পদক্ষেপ গ্রহণ করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*