বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০২ আগস্ট || শান্তিরবাজার কমিউনিটি হলে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো জেলাভিত্তিক অশ্বীনিকুমার বিশ্বাস মেমোরিয়াল ক্লাসিক্যাল মিউজিক প্রতিযোগিতা। শান্তিরবাজার তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং শান্তিরবাজার পুরপরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় দক্ষিণ জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান প্রতিযোগীরা অংশগ্রহণ করেন এবং তাঁদের সঙ্গীত প্রতিভা তুলে ধরেন মঞ্চে।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুরপরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, শান্তিরবাজার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক অনুপম পাল সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
এই প্রথম শান্তিরবাজারে এই ধরনের জেলাভিত্তিক ক্লাসিক্যাল সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হলো, যা সংগঠিত হয়েছে তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক অনুপম পালের উদ্যোগে।
অনুষ্ঠান সম্পর্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তিরবাজার পুরপরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা জানান, “এই প্রতিযোগিতা নতুন প্রজন্মের শিল্পীদের প্রতিভা তুলে ধরার একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম। ভবিষ্যতেও এ ধরনের আরও সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজনের পরিকল্পনা রয়েছে।”
সার্বিকভাবে, এই অনুষ্ঠান সঙ্গীতপ্রেমীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে এবং শান্তিরবাজারকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করে।
