শান্তিরবাজার থানার নবনিযুক্ত ওসি ও সেকেন্ড ওসিকে সংবর্ধনা অটো মজদুর সংঘের

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০২ আগস্ট || শান্তিরবাজার থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) রাজু দত্ত এবং সেকেন্ড ওসি এসআই সমীর বিশ্বাসকে সংবর্ধনা জানাল ভারতীয় মজদুর সংঘের অটো মজদুর ইউনিট। শুক্রবার শান্তিরবাজার থানার প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
নবনিযুক্ত ওসি রাজু দত্ত জিরানিয়া থানা থেকে শান্তিরবাজার থানায় স্থানান্তরিত হয়ে সদ্য দায়িত্বভার গ্রহণ করেছেন। তাঁর যোগদানের পরই সৌজন্যমূলক সংবর্ধনার মাধ্যমে তাঁকে স্বাগত জানায় শান্তিরবাজার অটো মজদুর সংঘ। উত্তরীয় পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে তাঁকে সংবর্ধনা জানানো হয়। একইভাবে সেকেন্ড ওসি হিসেবে সদ্য দায়িত্বপ্রাপ্ত এসআই সমীর বিশ্বাসকেও উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অটো মজদুর সংঘের শান্তিরবাজার মহকুমার সেক্রেটারি অপু মজুমদার, ভাইস প্রেসিডেন্ট প্রসেনজিৎ দেবনাথ, অফিস সেক্রেটারি অমৃত চক্রবর্তী সহ সংঘের অন্যান্য সদস্যরা।
সৌজন্য সাক্ষাৎ ও সংবর্ধনার পাশাপাশি, অনুষ্ঠানে এক গুরুত্বপূর্ণ আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। অটো চালকদের সঙ্গে থানার ভবিষ্যৎ সমন্বিত কাজের দিক, দুর্ঘটনাপ্রবণ এলাকা, এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সম্ভাব্য করণীয় বিষয়ে বিস্তর মতবিনিময় হয়।
ওসি রাজু দত্ত ও সেকেন্ড ওসি সমীর বিশ্বাস অনুষ্ঠানে ‘প্রয়াস’ কর্মসূচি গ্রহণের প্রস্তাব দেন। পুলিশের এই উদ্যোগের মাধ্যমে স্থানীয়দের মধ্যে ট্রাফিক বিধি, সড়ক নিরাপত্তা ও অন্যান্য আইনসংক্রান্ত বিষয়ের ওপর সচেতনতা ছড়ানো হবে বলে জানানো হয়।
পুলিশের এই সদর্থক প্রস্তাবকে স্বাগত জানিয়ে অটো মজদুর সংঘ আগামীদিনে যৌথভাবে ‘প্রয়াস’ কর্মসূচি বাস্তবায়নের আশ্বাস দেয়। শান্তিরবাজার এলাকার জনসচেতনতা বৃদ্ধিতে এই ধরনের উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলেই মনে করছেন উপস্থিত সকলে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*