গোপাল সিং, খোয়াই, ০১ আগস্ট || সিনেমার পর্দা নয়, একেবারে বাস্তবের রাস্তায় দেখা মিলল এক ‘হিরো’-র। পথ চলতি এক মহিলাকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে গিয়ে নিজের জীবন বাজি রাখলেন এক বাইক চালক। কিন্তু শেষ রক্ষা হলো না নিজের। গুরুতর আহত অবস্থায় তিনি এখন জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ব্যক্তির নাম দ্বৈপায়ন রায়। তিনি খোয়াই বিদ্যালয় পরিদর্শকের অফিসে মিড-ডে-মিল ইনচার্জ হিসাবে কর্মরত। উনার বাড়ী খোয়াই মহারাজগঞ্জ (পুরান) বাজার।
কী ঘটেছিল আজ? শুক্রবার খোয়াইয়ের গণকি এলাকায় TR06B-7217 নম্বরের বাইকটি নিয়ে যাচ্ছিলেন দ্বৈপায়ন। হঠাৎই এক মহিলা তাঁর বাইকের সামনে চলে আসেন। মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে মহিলাকে বাঁচাতে সজোরে ব্রেক কষতেই নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন রাস্তায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। তাঁরাই রক্তাক্ত অবস্থায় দ্বৈপায়নকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু আঘাত এতটাই গুরুতর ছিল যে, চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেন। এক অপরিচিতার জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন বিপন্ন করা দ্বৈপায়নের সাহসিকতাকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই। একই সঙ্গে, পথ নিরাপত্তা এবং পথচারীদের সচেতনতা নিয়েও উঠছে প্রশ্ন।
