সুব্রত দাস, গন্ডাছড়া, ০২ জুলাই || রঞ্জিত পাড়া থেকে বুদ্ধজয় পাড়া পর্যন্ত সংযোগকারী প্রধান সড়কের বেহাল অবস্থাকে ঘিরে এলাকায় চরম অসন্তোষ ছড়িয়েছে। দীর্ঘদিন ধরে চলা দুরবস্থার বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ অবশেষে ফুঁসে উঠেছে। সূত্রের খবর, গন্ডাছড়া মহকুমার অন্তর্গত রইস্যাবাড়ি আর.ডি. ব্লকের আওতাধীন এই রাস্তাটি সংস্কারের জন্য গত বছরের ২৭শে ডিসেম্বর গন্ডাছড়া PWD দপ্তর থেকে ওয়ার্ক অর্ডার জারি করা হলেও, আজ পর্যন্ত কোনো কাজ শুরু হয়নি।
রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বছরের পর বছর অবহেলিত অবস্থায় পড়ে থাকায় সাধারণ মানুষকে প্রতিদিন চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। বৃষ্টি হলেই কাদা ও জলজটে রাস্তা একেবারে অচল হয়ে পড়ে। বিশেষ করে স্কুল পড়ুয়া, রোগী ও কর্মজীবীদের যাতায়াত হয়ে ওঠে দুঃস্বপ্নের মতো।
এই পরিস্থিতিতে ক্ষুব্ধ এলাকাবাসী পথ অবরোধের মাধ্যমে প্রতিবাদে নামার সিদ্ধান্ত নেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গেলেন গন্ডাছড়া PWD দপ্তরের এসডিও, রইস্যাবাড়ি আর.ডি. ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকসহ একাধিক প্রশাসনিক প্রতিনিধি। তাঁরা গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করে আশ্বাস দেন যে খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে।
যদিও প্রশাসনের এই আশ্বাসে এলাকাবাসীর একাংশ কিছুটা আশ্বস্ত হলেও, বহু মানুষ এখনও অবরোধ প্রত্যাহার করবেন কি না, তা নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। তাদের বক্তব্য, পূর্বেও বহুবার আশ্বাস পাওয়া গেছে, কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি। ফলে এবার প্রশাসন কার্যত মাঠে নামা ছাড়া তারা পিছিয়ে আসতে নারাজ।
এই পরিস্থিতিতে প্রশাসনের আশ্বাস কতটা কার্যকর হয় এবং রাস্তার কাজ কবে নাগাদ শুরু হয়, সেদিকে নজর রেখেছে গোটা রঞ্জিত পাড়া-বুদ্ধজয় পাড়া অঞ্চল। এলাকাবাসীর দাবি, দ্রুত কাজ শুরুর মাধ্যমে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করুক সরকার। না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা—এ হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন অনেকেই।
