বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০২ আগস্ট || ৩৮-জোলাইবাড়ী মণ্ডল কিষান মোর্চার উদ্যোগে শনিবার জোলাইবাড়ী কমিউনিটিহলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রীয় সরকারের ‘গরীব কল্যাণ সেবা ও সুশাসনের ১১ বছর – সংকল্প থেকে সিদ্ধি’ কর্মসূচিকে সামনে রেখে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি কিষান মোর্চার সভাপতি প্রদীপ বরন রায়। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার কিষান মোর্চার সভাপতি সত্যব্রত সাহা, দক্ষিণ জেলা বিজেপির সভাপতি দীপান চৌধুরী, ৩৮-জোলাইবাড়ী মণ্ডলের বিজেপি সভাপতি সুজিত দত্ত, যুব মোর্চার সভাপতি কেশব চৌধুরী, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত এবং বিজেপি নেতা বিকাশ বৈদ্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে বক্তারা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কৃষি ও কৃষকদের কল্যাণে নেওয়া বিভিন্ন পরিকল্পনা ও তার বাস্তবায়ন নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। কৃষকদের আর্থিক উন্নয়ন, প্রযুক্তির মাধ্যমে কৃষিকাজে অগ্রগতি, এবং বিভিন্ন ভর্তুকি ও সহায়তা প্রকল্পের সুফল তুলে ধরেন নেতৃবৃন্দ।
এই কর্মসূচিতে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যেও সরকারি প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং আগামী দিনে এই ধরণের উদ্যোগ আরও প্রসারিত করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
