গোপাল সিং, খোয়াই, ০২ আগস্ট || খোয়াই জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে আবারও সাফল্য। অবৈধ মদের কারবারের বিরুদ্ধে নামলো সুভাষ পার্ক আউট পোস্টের পুলিশ। একদিকে খোয়াই থানাধীন লালছড়া এবং তৎসংলগ্ন ঘোষ পাড়া এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মোট দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম অভিযানটি চালানো হয় লালছড়া ঘোষ পাড়া এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে সুভাষ গোপ, রঞ্জিত গোপ এবং রঞ্জিত ঘোষের বাড়িতে তল্লাশি চালানো হয়। এই অভিযান চলাকালীন বিভিন্ন ব্র্যান্ডের ১০ বোতল বিদেশি মদ এবং ৪১টি বোতলে থাকা মোট ২৪ লিটার দেশি মদ উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় একজনকে ত্রিপুরা আবগারি আইনের ৬৯ ধারায় গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে একটি প্রসিকিউশন রিপোর্ট (পিআর) জমা দেওয়া হয়েছে। অপরদিকে, ওই দিনই সুভাষ পার্ক আউট পোস্টের কর্মীরা লালছড়া এলাকায় আরেকটি মদ বিরোধী অভিযান চালায়। এই অভিযানে প্রায় ১৩ লিটার দেশি মদ উদ্ধার করা হয়। পুলিশ এই ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে ত্রিপুরা আবগারি আইনের ৬৯ ধারায় মামলা রুজু করা হয়েছে এবং ৪৫ ধারায় একটি পিআর জমা দেওয়া হয়েছে। এলাকায় পরপর দুটি সফল অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মদ উদ্ধার হওয়ায় পুলিশের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, এই ধরনের বেআইনি কার্যকলাপ রুখতে আগামী দিনেও অভিযান জারি থাকবে।
