গোপাল সিং, খোয়াই, ০৩ আগস্ট || DYFI রাজ্য কমিটির প্রাক্তন সহ-সভাপতি শহীদ কমরেড তপন চক্রবর্তীর ২৫’তম আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো খোয়াইয়ে। “শ্রদ্ধায় – স্মরণে – শপথে” বার্তাকে সামনে রেখে আয়োজিত হয়েছিল এক রক্তদান শিবির ও আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বামফ্রন্ট সরকারের মুখ্য নেতৃত্ব মানিক সরকার। তিনি বলেন, “তপন চক্রবর্তীর আত্মত্যাগ নিছক ব্যক্তিগত বা সংগঠনের জন্য ছিল না—এটি ছিল আদর্শ, ন্যায়ের পক্ষে একটি দৃঢ় অবস্থান। তাঁর দেখানো পথে চলেই আগামীর লড়াই আরও সংগঠিত করতে হবে।”
অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন DYFI-র রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, রাজ্য কমিটির সদস্যা মল্লিকা শীল, স্থানীয় বিধায়ক নির্মল বিশ্বাস সহ আরও অনেক নেতৃত্ব। বক্তারা তপন চক্রবর্তীর জীবনের সংগ্রাম, আদর্শ এবং সংগঠনের প্রতি তাঁর অবিচল নিষ্ঠার কথা স্মরণ করেন।
রক্তদান শিবিরে বিভিন্ন বয়সের বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল গাম্ভীর্য ও আবেগঘন পরিবেশ। তপন চক্রবর্তীর স্মৃতিকে কেন্দ্র করে আয়োজিত এই দিবসটি যেন আরও একবার মনে করিয়ে দিল, আদর্শের পক্ষে লড়াই কখনও বৃথা যায় না।
