আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ আগস্ট || ডিউটিরত অবস্থায় সাধারণ নাগরিককে লাথি মারার অভিযোগে টি.এস.আর তৃতীয় ব্যাটেলিয়নের জওয়ান সুমন দাসকে বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত সুমন দাস তৃতীয় ব্যাটেলিয়নের ওয়ার্ড বয় পদে কর্মরত ছিলেন।
সূত্রে জানা যায়, শহরের লক্ষ্মীবিনারায়ন বাড়ি রোড এলাকায় বৃহস্পতিবার তিনি ডিউটিরত ছিলেন। সেই সময় রাস্তার উপর এক যুবককে ফেলে লাথি মারেন সুমন। সম্পূর্ণ ঘটনাটি পথচলতি একজনের মোবাইলে ধরা পড়ে এবং পরে সেই ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় সর্বত্র।
ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে তড়িঘড়ি পদক্ষেপ গ্রহণ করে তৃতীয় ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট বিনয় কিশোর দেববর্মা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী অভিযুক্ত সুমন দাসকে বরখাস্ত করার পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও জারি করা হয়েছে।
ঘটনার পর রাজ্য সরকারের এই দ্রুত ও কড়া পদক্ষেপকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। সাধারণ মানুষের একাংশের মতে, এই ধরনের দৃষ্টান্তমূলক ব্যবস্থাই ভবিষ্যতে এ ধরনের অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে সহায়ক হবে।
