মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকালপ্রয়াত ট্রাক চালকের পরিবারকে অর্থসাহায্য ও সমবেদনা জানালেন দুই মন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ আগস্ট || তেলিয়ামুড়ায় সম্প্রতি ঘটে যাওয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকালপ্রয়াত ট্রাকচালক মিহিরলাল দেবনাথের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার কাঞ্চনপুরে অবস্থিত তাঁর বাড়িতে উপস্থিত হন রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায় এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা।
এই করুণ ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে শোকাহত পরিবারের হাতে ৬ লক্ষ টাকার আর্থিক সহায়তার একটি চেক তুলে দেন দুই মন্ত্রী। পাশাপাশি তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং এই কঠিন সময়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
মন্ত্রী টিংকু রায় বলেন, “জানি, পৃথিবীর কোনো সম্পদই একটি অমূল্য প্রাণের বিকল্প হতে পারে না। কিন্তু যাঁরা তাঁদের পরিবারের আকাশসম ছায়াকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন, তাঁদের যেন আর কোনো দুর্ভোগ না পোহাতে হয় — সেটাই আমাদের প্রধান দায়িত্ব ও কর্তব্য। এই দুঃখজনক ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করা এবং তাঁদের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোই আমাদের নৈতিক অঙ্গীকার।”
মন্ত্রী শান্তনা চাকমাও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং জানান, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার সর্বদা জনগণের পাশে রয়েছে এবং থাকবে।
প্রয়াত মিহিরলাল দেবনাথের প্রতি জানানো হয় বিনম্র শ্রদ্ধা। উপস্থিত সকলেই তাঁর আত্মার চিরশান্তি কামনা করেন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রার্থনা করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*