আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ আগস্ট || চলন্ত বাসে এক মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্রামগঞ্জ এলাকায়। ঘটনার পর বিশালগড় মহিলা থানার পুলিশ অভিযুক্ত সুকুমার বণিককে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বিশ্রামগঞ্জ থেকে আগরতলা গামী একটি যাত্রীবাহী বাসে ঘটনাটি ঘটে। অভিযোগ, বাসে উঠে অভিযুক্ত ব্যক্তি এক মহিলা যাত্রীর সঙ্গে অশালীন আচরণ করে। মহিলা প্রতিবাদ করলে, বাসে থাকা অন্যান্য যাত্রীরাও ক্ষোভে ফেটে পড়েন এবং সঙ্গে সঙ্গে বিষয়টি বাস চালককে জানান।
বৃহস্পতিবার বিশালগড় মহিলা থানার পুলিশ অভিযুক্ত সুকুমার বণিককে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির উপযুক্ত ধারায় মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। মহিলা যাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। পরিবহণ ব্যবস্থায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
