গোপাল সিং, খোয়াই, ০৮ আগস্ট || স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে এক বর্ণাঢ্য বাইসাইকেল র্যালীর সাক্ষী থাকল খোয়াই শহর। শুক্রবার খোয়াই জেলা প্রশাসন ও জেলা শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই র্যালীতে ছাত্রছাত্রীদের সাথে পা মেলালেন খোদ মহকুমা শাসক সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন সকালে র্যালীটি খোয়াই জেলা শিক্ষা দপ্তরের সম্মুখ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান রাজপথ পরিক্রমা করে। সাইকেলের হ্যান্ডেলে লাগানো তেরঙ্গা পতাকা এবং ছাত্রছাত্রীদের দেশাত্মবোধক স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। র্যালীটি পুনরায় জেলা শিক্ষা দপ্তরের সামনে এসে শেষ হয়। এই বর্ণাঢ্য র্যালীতে নেতৃত্ব দেন খোয়াইয়ের মহকুমা শাসক নির্মল কুমার (আইএএস)। এছাড়াও উপস্থিত ছিলেন ডিসিএম কিশোর দেববর্মা, জেলা শিক্ষা দপ্তরের ওএসডি হৃষীকেশ দেববর্মা, খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের অধ্যক্ষ মনোজ দেব্বর্মা এবং জেলা শিক্ষা দপ্তরের কর্মকর্তা সৌর প্রতিম শর্ম্মা সহ অন্যান্যরা। খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয় এবং খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিপুল উৎসাহের সঙ্গে এই র্যালীতে অংশগ্রহণ করে।
