আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ আগস্ট || দক্ষিণ ত্রিপুরাবাসীর বহু প্রতীক্ষিত দাবি অবশেষে পূরণ। এবার থেকে সাবরুমগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি বেলোনিয়া ও জোলাইবাড়ি স্টেশনে থামবে। এমনটাই জানিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল (NF Railway)।
রেলযাত্রীদের সুবিধার্থে পরীক্ষামূলকভাবে এই দুই স্টেশনে ট্রেনটির স্টপেজ চালু করা হচ্ছে বলে জানানো হয়েছে রেল দপ্তরের তরফে। ফলে দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি ও বেলোনিয়া মহকুমা এলাকার হাজার হাজার যাত্রী বিশেষভাবে উপকৃত হবেন।
এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, “দক্ষিণ ত্রিপুরা ও তৎসংলগ্ন মহকুমা অঞ্চলের মানুষের রেল যাতায়াতের সুবিধার্থে জোলাইবাড়ি ও বিলোনিয়া স্টেশনে প্রাথমিকভাবে পরীক্ষামূলক স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে ছাত্রছাত্রী, প্রবীণ, ব্যবসায়ী ও সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হবেন।”
এই রেলস্টপেজ চালু হওয়ায় শুধু যাতায়াতই নয়, শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসায়িক কার্যক্রমেও গতি আসবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। দক্ষিণ ত্রিপুরার মতো সীমান্তবর্তী জেলায় রেলপরিসেবার এমন সম্প্রসারণকে সাধুবাদ জানাচ্ছেন সবাই।
