বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৮ আগস্ট || প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা ও মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করল বকাফা মৎস্য দপ্তর। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা (PMMSY) প্রকল্পের আওতায় জাতীয় মৎস্য উন্নয়ন সংস্থার আর্থিক সহায়তায় কলসি ব্যারেজে মাছের পোনা ছাড়া হল।
২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৬ লক্ষ ৪২ হাজার টাকা ব্যয়ে বুধবার মুহুরি নদীর কলসি ব্যারেজে প্রায় ২ লক্ষ ৫৯ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, ব্লক স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান অশোক মগ, দক্ষিণ জেলা মৎস্য দপ্তরের ডেপুটি ডাইরেক্টর টিকেন্দ্রজিত জমাতিয়া, বকাফা মৎস্য দপ্তরের তত্ত্বাবধায়ক ওয়াটসন রিয়াং সহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়াও এলাকার বিশিষ্ট জন প্রতিনিধি ও স্থানীয় সাধারণ মানুষজন এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত সকলে নিজ হাতে কলসি ব্যারেজের উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।
দক্ষিণ জেলা মৎস্য দপ্তরের ডেপুটি ডাইরেক্টর টিকেন্দ্রজিত জমাতিয়া জানান, “এই পোনা বড় হলে জেলার ছোট ও মাঝারি স্তরের জেলেরা মাছ ধরে আর্থিকভাবে উপকৃত হবেন। এটি তাদের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়ক হবে।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সাহার নেতৃত্বে রাজ্যের মৎস্য দপ্তর জেলেদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছে।”
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের প্রকল্প কেবলমাত্র মাছচাষই নয়, বরং নদীর প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ ধরনের উদ্যোগ আগামী দিনে রাজ্যের টেকসই মৎস্যসম্পদ গঠনে মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
