সুব্রত দাস, গন্ডাছড়া, ০৯ জুলাই || ডুম্বুরনগর ব্লক প্রশাসনের গাফিলতিতে ওয়ার্ক অর্ডার জারি হওয়া সত্ত্বেও সাত বছর কেটে গেলেও শেষ হয়নি উত্তর গন্ডাছড়া এডিসি ভিলেজের তারাবন কলোনির রাস্তার কাজ। ফলে চলতি বর্ষা মরশুমেও অন্যান্য বছরের মতোই রাস্তাটি দিয়ে যানবাহন তো দূরের কথা, সাধারণ মানুষের চলাচলই চরমভাবে ব্যাহত হচ্ছে।
প্রায় দেড়শো জনজাতি পরিবারের বাস তারাবন কলোনিতে। অভিযোগ, সরকারি সাহায্য-সহযোগিতা থেকেও বঞ্চিত এই গ্রাম। কশিরাম ত্রিপুরার বাড়ির সামনে থেকে শুরু হওয়া মান্দাতা আমলের ওই রাস্তা বহু বছর ধরেই জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এবড়ো-থেবড়ো এই রাস্তায় বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা প্রতিদিনই চরম দুর্ভোগের মুখে পড়ছেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্র থাকলেও রাস্তার কারণে সেখানে শিশুদের উপস্থিতি প্রায় নেই বললেই চলে।
গ্রামবাসী প্রদীপ ত্রিপুরা জানান, কয়েক কিলোমিটার দূরত্বের এই রাস্তা জাপান চাকমা পাড়া পর্যন্ত একমাত্র সংযোগপথ হলেও এর দুরাবস্থার কারণে মানুষ নিত্যদিন ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয় এক অটো চালক জানান, রাস্তা মেরামতের জন্য বহুবার লিখিতভাবে উত্তর গন্ডাছড়া এডিসি ভিলেজ সচিব ও ডুম্বুরনগর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গত বছরের শুরুর দিকে নতুন করে ওয়ার্ক অর্ডার জারি হলেও পরে তা বাতিল হয়ে যায়।
গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসন ও আরডি দপ্তরের খামখেয়ালি ও ছেলেখেলার কারণে রাস্তা মেরামতের কাজ এগোয়নি। এর প্রতিবাদে তারাবন কলোনির জনজাতি অংশের নারী-পুরুষরা গন্ডাছড়া-জগবন্ধুপাড়া সড়কে যেকোনো সময় পথ অবরোধে নামতে প্রস্তুতি নিচ্ছেন।
