গোপাল সিং, খোয়াই, ১০ আগস্ট || খোয়াই শহরে পথ দুর্ঘটনার মিছিল যেন থামার নামই নিচ্ছে না। রবিবার দুপুরে শহরের অন্যতম ব্যস্ত এলাকা অফিসটিলা ট্রাফিক পয়েন্টের কাছে আরও একটি পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক যুবক। আহত যুবকের নাম বিশ্বজিৎ দাস (বয়স আনুমানিক ২৫) এবং তাঁর বাড়ি খোয়াই থানাধীন মহাদেবটিলা এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুরে বিশ্বজিৎ দাস অফিসটিলা এলাকা দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঠিক কী কারণে বা কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।
