গোপাল সিং, খোয়াই, ০৫ সেপ্টেম্বর || খোয়াই জেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও হোস্টেল পরিদর্শন করলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী বিকাশ দেববর্মা। বৃহস্পতিবার তিনি প্রথমে রামচন্দ্র ঘাট বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এস.টি. গার্লস হোস্টেল পরিদর্শন করেন। সেখানে তিনি জানান, বর্তমানে হোস্টেলের আসনসংখ্যা ২০ হলেও, আগামী দিনে এটিকে ৫০ শয্যা বিশিষ্ট করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের জন্য নিরাপদ ও আধুনিক আবাসন নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার বলেও তিনি উল্লেখ করেন।
এরপর মন্ত্রী আমপুরা বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পৌঁছে চলমান Nutrition Week Programme-এ যোগ দেন। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে তিনি স্বাস্থ্য ও সঠিক খাদ্যাভ্যাসের গুরুত্ব তুলে ধরেন। মন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়, শুধু পাঠ্যপুস্তক নয়, স্বাস্থ্য ও পুষ্টিও ছাত্র-ছাত্রীদের সামগ্রিক বিকাশের জন্য সমান জরুরি।
বিদ্যালয় পরিদর্শনকালে তিনি পরিকাঠামো, সুযোগ-সুবিধা এবং বিদ্যমান সমস্যাগুলি পর্যালোচনা করেন এবং কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন। তিনি আশ্বাস দেন, আগামী প্রজন্মকে সঠিক শিক্ষা ও সুস্থ জীবনধারার মাধ্যমে গড়ে তুলতে সরকার সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
শেষে মন্ত্রী আকস্মিকভাবে কল্যাণপুরে বড়ময়দান উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সেখানকার এস.টি. বয়েজ হোস্টেলও পরিদর্শন করেন।
