আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ সেপ্টেম্বর || শুক্রবার রাজধানী আগরতলায় সারা ভারত ছাত্র ফেডারেশন (AISF) ত্রিপুরা রাজ্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন অনুষ্ঠিত হয়। ইউজিসি প্রবর্তিত লার্নিং আউটকামস-ভিত্তিক কারিকুলাম ফ্রেমওয়ার্ক (LOCF) নীতির বিরুদ্ধে এই কর্মসূচি আয়োজন করা হয়।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন AISF-এর সাধারণ সম্পাদক দীনেশ শ্রীরঙ্গরাজ। বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, কেন্দ্রের বিজেপি সরকার শিক্ষাক্ষেত্রে গেরুয়াকরণের চেষ্টা করছে। “ভুল ইতিহাস চাপিয়ে দিয়ে ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করা হচ্ছে। স্বাধীনতা সংগ্রাম এবং বিভিন্ন ঐতিহাসিক ঐতিহ্যকে পরিকল্পিতভাবে মুছে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে,” দাবি করেন তিনি।
এদিনের কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন AISF ত্রিপুরা রাজ্য সভাপতি শুভদীপ মজুমদার, রাজ্য নেতৃত্বসহ বহু কর্মী-সমর্থক। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সারা দেশ জুড়ে এই নীতির বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন চলবে।
