গোপাল সিং, খোয়াই, ০৬ সেপ্টেম্বর || উত্তর জেলার ধর্মনগর মহকুমার যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডে শনিবার সকালে জুরি নদী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল প্রায় ১০টার সময় নদীতে ভেসে থাকা দেহটি প্রথম দেখতে পান গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক অনুমান, মৃতদেহটি সম্ভবত অন্য কোনো স্থান থেকে নদীর স্রোতে ভেসে এসেছে। এলাকাবাসীদের কেউই মৃত ব্যক্তিকে চিনতে পারেননি। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
