এডিসি ভিলেজে বেহাল অবস্থা, সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শব্দকুমার জমাতিয়া

সুব্রত দাস, গন্ডাছড়া, ০৬ সেপ্টেম্বর || ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর ও রইস্যাবাড়ী ব্লকের একাধিক এডিসি ভিলেজ পরিদর্শন করে তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করলেন ত্রিপুরা প্রদেশ আধিবাসী কংগ্রেস সংগঠনের রাজ্য সম্পাদক শব্দকুমার জমাতিয়া। শনিবার মহকুমা সদরের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “ডুম্বুরনগর ও রইস্যাবাড়ীর অধীন সব এডিসি ভিলেজের পরিস্থিতি করুণ। কাজ নেই, খাদ্য নেই, স্বাস্থ্য পরিষেবা নেই—জনজাতিদের জীবনে নেমে এসেছে হতাশার অন্ধকার।”
তিনি জানান, বর্তমানে ডটকমের যুগেও জনজাতিরা গর্ত খুঁড়ে দূষিত জল পান করতে বাধ্য হচ্ছেন। এর ফলে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত অসংখ্য মানুষ নানাবিধ মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছেন। রাস্তাঘাটের অবস্থা বেহাল, পানীয় জলের তীব্র সংকট, আর মহকুমা সদর হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা “লজ্জাজনক” বলেও মন্তব্য করেন তিনি।
রাজ্যের উন্নয়ন প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে জমাতিয়া অভিযোগ করেন, “ত্রিপুরায় উন্নয়নের নামে চলছে শুধু লুটপাট। শাসক দলের নেতারা সাধারণ মানুষের প্রাপ্য টাকাই আত্মসাৎ করছেন।” প্রসঙ্গত, সম্প্রতি বাগমা বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতির এক ঘনিষ্ঠ অনুগামীর মদমত্ত অবস্থায় টাকার বান্ডিল হাতে ভিডিও ভাইরাল হওয়ার ঘটনাও তুলে ধরেন তিনি।
গন্ডাছড়া মহকুমার প্রতিটি এডিসি ভিলেজের জনজাতিদের দুর্বিষহ পরিস্থিতি নিয়ে গভীর দুঃখ প্রকাশ করে অবিলম্বে তাদের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন শব্দকুমার জমাতিয়া।
সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাইমাভ্যালি ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত ত্রিপুরা, রাজীব চাকমা, ক্ষিতিশ দাস, মনমোহন রিয়াং সহ কংগ্রেস নেতৃত্ব।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*