আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর || স্মার্ট সিটি প্রকল্পের অন্তর্গত কলেজটিলা জলাশয়কে কেন্দ্র করে গড়ে ওঠা পার্ক ঘিরে বিতর্ক অব্যাহত। উদ্বোধন সম্পন্ন হলেও পার্কটিকে ঘিরে মামলা চলছে মানবাধিকার কমিশনে। শনিবার সকালেই প্রশাসনিক দল ও মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা উপস্থিত হয়ে পার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন ও মাপঝোকের কাজ করেন।
পরিদর্শন শেষে কমিশনের প্রতিনিধিরা জানান, বহু বছর ধরে পরিযায়ী পাখিরা এই জলাশয়ে আশ্রয় নেয়। কিন্তু সাম্প্রতিক কালে পার্ক গড়ে ওঠার পর সেটি ক্রমশ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হচ্ছে, যা স্থানীয় জীববৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। ফলে বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান কর্মকর্তারা।
জানা গেছে, পরিবেশ ও জলাশয় সংরক্ষণ মঞ্চের পক্ষ থেকেই কলেজটিলা পার্ক নিয়ে মানবাধিকার কমিশনে লিখিত অভিযোগ দাখিল করা হয়। এদিনের পরিদর্শনকারী দলে মানবাধিকার কমিশনের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন ভূমি ও রাজস্ব দফতর, পরিবেশ দফতর ও জলাশয় সংরক্ষণ মঞ্চের প্রতিনিধিরা।
স্থানীয় পরিবেশপ্রেমী মহলের দাবি, উন্নয়ন প্রকল্পের নামে যেন জলাশয় ও প্রকৃতির ভারসাম্য নষ্ট না হয়, সেদিকেও প্রশাসনের নজর থাকা প্রয়োজন।
