শুভ দীপাবলীর প্রাক মুহূর্তে মুখ্যমন্ত্রীর হাতে মা কালীর আরাধনা ও বস্ত্র বিতরণ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর || শুভ দীপাবলীর প্রাক মুহূর্তে রাজধানীর অরুন্ধতী নগরস্থিত অরবিন্দ সংঘে আয়োজিত মা কালীর আরাধনায় অংশ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রবিবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কালীপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীর সর্বাঙ্গীন মঙ্গল কামনাও করেন তিনি।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়, মণ্ডল সভাপতি শ্যামল কুমার দে সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পূজো প্যান্ডেল উদ্বোধনের পর মুখ্যমন্ত্রীর হাত ধরে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।
তাছাড়া, এদিন জনকল্যাণ সমিতি আয়োজিত শ্যামা মায়ের আরাধনায়ও ব্রতী হন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা মিনা রানী সরকার।
এছাড়াও, এম.বি. টিলার আজাদ হিন্দ লেন কালী পূজা কমিটি আয়োজিত মায়ের পূজায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মায়ের কাছে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। এখানেও মুখ্যমন্ত্রীর হাতে পুর নিগমের সাফাই কর্মীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।
দিনভর একাধিক পূজো মণ্ডপ পরিদর্শনে রাজ্যের মুখ্যমন্ত্রী উৎসবের আনন্দে শামিল হয়ে সাধারণ মানুষের সঙ্গে দীপাবলীর আনন্দ ভাগ করে নেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*