গোপাল সিং, খোয়াই, ২১ অক্টোবর || আলোর উৎসব দীপাবলির দিনটিকে সত্যিই অর্থবহ করে তুলল খোয়াই পুলিশ প্রশাসন। উৎসবের আনন্দ ভাগ করে নিতে সমাজের প্রান্তিক ও দু:স্থ মানুষের পাশে দাঁড়ালেন খোয়াই জেলা পুলিশ সুপার রাণাদিত্য দাস, ডেপুটি এসপি এবং সুভাষপার্ক আউটপোস্ট ইনচার্জ রঞ্জিত সরকার।
খোয়াই সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির উদ্যোগে এদিন ৮২টি কম্বল তুলে দেওয়া হয় অসহায় মানুষের হাতে। শীতের আগমুহূর্তে এই মানবিক প্রয়াসে আনন্দে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। উপস্থিত স্থানীয়রা জানান, দীপাবলির এই বিশেষ মুহূর্তে পুলিশের এমন উদ্যোগ সমাজে এক উজ্জ্বল উদাহরণ তৈরি করেছে।
শিশু থেকে বৃদ্ধ— সকলেই ভালোবাসা ও আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন পুলিশ সদস্যদের। খোয়াই পুলিশ প্রশাসনের এই কর্মসূচি প্রমাণ করল, দায়িত্বের পাশাপাশি মানবিকতাই সমাজে আলোর প্রকৃত উৎস।
