আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর || আগামী ৩১শে অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস উদযাপনকে সামনে রেখে শুক্রবার সকালে রাজধানীর অরুন্ধতী নগর পুলিশ মাঠ থেকে ত্রিপুরা পুলিশের উদ্যোগে এক সাইকেল র্যালির আয়োজন করা হয়। পুলিশের বিভিন্ন ইউনিটের তরুণ যুবক-যুবতীরা এতে অংশ নেন। র্যালিটি অরুন্ধতী নগর পুলিশ মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে ‘আস্থা’ ক্যাম্পাসে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশের এসপি (প্রোকিউরমেন্ট) মানিক দাস। এছাড়াও উপস্থিত ছিলেন আইজি টিএসআর করি মারাক, এসপি এনপিএফ কল্লোল রায়, এসপি এসসিআরবি ফ্রান্সিস ড্রালংসহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে এই উদ্যোগের মাধ্যমে সমাজে ঐক্য, শৃঙ্খলা ও দেশপ্রেমের বার্তা পৌঁছে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন কর্মকর্তারা।
