সুব্রত দাস, গন্ডাছড়া, ৩০ নভেম্বর || গন্ডাছড়া মহকুমার মৎস্য দপ্তরে শনিবার নজিরবিহীন ঘটনায় ক্ষুব্ধ মৎস্যজীবীরা তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। নৌকা বাইচ প্রতিযোগিতার পুরস্কার দীর্ঘদিন ধরে না মেলায় দপ্তরের বিরুদ্ধে তীব্র দুর্নীতি ও গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয় মৎস্যজীবী ও বিজয়ী দলগুলোর সদস্যরা।
জানা গেছে, গত ১৪ই আগস্ট নারকেল কুঞ্জে অনুষ্ঠিত হয়েছিল ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। জমকালো আয়োজনে হাজারো মানুষের উপস্থিতিতে প্রতিযোগিতা হলেও বিজয়ী দলগুলোর সদস্যরা তিন মাস অতিক্রান্ত হলেও এখনো পাননি তাঁদের প্রাপ্য পুরস্কারের একটাকাও।
অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে আজ সকালে ক্ষুব্ধ প্রতিযোগীরা দলে-দলে মৎস্য দপ্তরে উপস্থিত হয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। সেই সঙ্গে দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও ইচ্ছাকৃত বিলম্বের অভিযোগ তোলেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দপ্তরের সুপারিনটেন্ডেন্ট মদন ত্রিপুরা বহুদিন ধরেই পলাতক। তাঁর এই রহস্যজনক অনুপস্থিতি এবং দপ্তরের উদাসীনতা পরিস্থিতিকে আরও প্রশ্নবিদ্ধ করে তুলেছে বলে দাবি বিজয়ী দলের সদস্যদের।
স্থানীয় মৎস্যজীবীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন—
অবিলম্বে পুরস্কারের অর্থ প্রদান ও অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তারা।
গন্ডাছড়া অঞ্চলের মৎস্যজীবী মহলের অভিযোগ, এই ঘটনাই প্রমাণ করে দপ্তরের কাজকর্মে গভীর দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতা অনবরত বেড়ে চলেছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত শুরু করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন।
