বিশেষ মহড়া: আন্দোলন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি পরিদর্শন করল পুলিশ প্রশাসন

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ নভেম্বর || রাজ্যে প্রতিনিয়ত নানান কারণ-অকারণে আন্দোলন সৃষ্টি হচ্ছে। এসব আন্দোলনের জেরে সাধারণ মানুষ প্রায়ই নানান সমস্যার মুখোমুখি হন। সেই পরিস্থিতি যাতে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং সাধারণ মানুষ যাতে কোনোভাবেই অসুবিধায় না পড়েন, তা নিশ্চিত করতে নিয়মিত কর্মকৌশল ও প্রস্তুতি পর্যালোচনা করছে শান্তিরবাজার থানা।
শনিবার শান্তিরবাজার থানায় মহকুমার পুলিশ আধিকারিক বাপি দের্বমা, থানার ওসি রাজু দত্ত এবং সেকেন্ড অফিসার এসআই সমীর বিশ্বাসের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক বিশেষ মহড়া। বিভিন্ন ধরনের আন্দোলন এবং জনসমাগমের সময় কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া হবে—তা নিয়েই ছিল এই মহড়ার মূল লক্ষ্য।
মহড়ায় অংশ নেওয়া পুলিশ কর্মীদের বিভিন্ন বাস্তব পরিস্থিতির প্রশিক্ষণ দেওয়া হয়। কীভাবে দ্রুত কনটিজেন্সি টিম মোতায়েন হবে, কীভাবে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং কীভাবে সাধারণ মানুষের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে—এসব বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
মহড়ার শেষে সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে মহকুমার পুলিশ আধিকারিক বাপি দের্বমা জানান, “আন্দোলন বা হঠাৎ তৈরি হওয়া জনসমাবেশে সাধারণ মানুষের যাতে কোনোপ্রকার অসুবিধা না হয়, সেদিকে লক্ষ রেখেই আমাদের এই নিয়মিত মহড়া আয়োজন। আমাদের লক্ষ্য—আইনশৃঙ্খলা বজায় রেখে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।”
এই বিশেষ মহড়ার মাধ্যমে স্থানীয় পুলিশ বাহিনীর প্রস্তুতি আরও জোরদার হলো বলে মনে করছেন অনেকে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*