গোপাল সিং, খোয়াই, ৩০ নভেম্বর || রবিবার খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বালিকা বিদ্যালয়ে বঙ্গীয় সঙ্গীত কলা কেন্দ্র পরিচালিত দূর্গানগর চিত্ররেখা অঙ্কন শিক্ষা কেন্দ্রের বার্ষিক পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় মোট ৩৫৫ জন ছাত্র–ছাত্রী অংশগ্রহণ করে বলে জানান শিক্ষক কুন্তল নাথশর্মা।
তিনি আরও জানান, এদিন পরীক্ষক (Examiner) হিসাবে উপস্থিত ছিলেন আগরতলার বিশিষ্ট অঙ্কন শিক্ষিকা গৌরী চক্রবর্তী, যিনি বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের কাজ মূল্যায়ন করেন এবং কেন্দ্রের দীর্ঘদিনের শিক্ষায়তনিক অগ্রগতিকে প্রশংসা করেন। উল্লেখ্য, দূর্গানগর চিত্ররেখা অঙ্কন শিক্ষা কেন্দ্রটি ৩৬ বছর পূর্ণ করে ৩৭-তম বছরে পদার্পণ করেছে, যা ত্রিপুরায় শিল্প শিক্ষার ধারাবাহিকতায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
তিনি জানান, আগামী ডিসেম্বর মাসে খোয়াইতে ক্ষুদ্র পরিসরে একটি বার্ষিক অনুষ্ঠান আয়োজন করা হবে, যেখানে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সার্টিফিকেট ও পুরস্কার প্রদান ছাড়াও তাদের তৈরি শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন থাকবে। শিক্ষার্থীদের উপস্থিতিতে আজকের পরীক্ষার পরিবেশ ছিল উৎসবমুখর।
