আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর || সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির দু’দিনব্যাপী ২১তম রাজ্য সম্মেলন শনিবার থেকে শুরু হয়েছে আগরতলা টাউন হলে। সম্মেলন উপলক্ষে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে একটি প্রকাশ্য সমাবেশের আয়োজন করার কথা থাকলেও স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে অনুমতি না মেলায় সেই সমাবেশ টাউন হল প্রাঙ্গনেই অনুষ্ঠিত হয়।
এই দু’দিনের রাজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক নারী সমিতির সর্বভারতীয় সম্পাদক মরিয়াম ধাওলে। এছাড়াও সম্মেলনে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীসহ সংগঠনের অন্যান্য রাজ্য ও জেলা স্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন।
সম্মেলনে নারীর অধিকার, সামাজিক ন্যায়, নারী নির্যাতন প্রতিরোধ ও সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বলে জানানো হয়েছে। নেতৃত্বরা বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে নারীদের ঐক্যবদ্ধ আন্দোলনের গুরুত্বের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
উল্লেখ্য, ত্রিপুরা রাজ্য গণতান্ত্রিক নারী সমিতি ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের পর এটি সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির দ্বিতীয় সর্ববৃহৎ রাজ্য সংগঠন হিসেবে পরিচিত।
