আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর || রোটারি ক্লাব অব আগরতলা সিটি’র উদ্যোগে আগরতলায় শুরু হলো রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ক দু’দিনব্যাপী সেমিনার ও সচেতনতামূলক আলোচনা। শুক্রবার পড়ন্ত বিকেলে মিলন চক্রস্থিত একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান ও সায়েন্টিফিক সেশন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাঃ সঞ্জয় কুন্ডু, ডাঃ কামেশ্বর সিং এলেঙ্বাম ও ডাঃ অসীম নাথ অধিকারী। তাঁরা জীবনশৈলী নির্ভর রোগ প্রতিরোধে সচেতনতা ও সময়মতো চিকিৎসার গুরুত্ব তুলে ধরেন।
প্রথম সায়েন্টিফিক সেশনে জীবনশৈলী নির্ভর বিভিন্ন রোগ নিয়ে বিশদ আলোচনা হয়। ডায়াবেটিস নিয়ে আলোচনা করেন ডা বাসব ঘোষ। উচ্চ রক্তচাপ ও তার জটিলতা নিয়ে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েট প্রফেসর ডাঃ সঙ্গীতা চৌধুরী। ধূমপান ও দীর্ঘমেয়াদি ফুসফুসজনিত রোগ নিয়ে আলোচনা করেন প্রফেসর ডাঃ প্রদীপ ভৌমিক। জীবনশৈলীজনিত রোগ ও মানসিক চাপ নিয়ে আলোচনা করেন অ্যাসোসিয়েট প্রফেসর ডাঃ প্রিয় জ্যোতি চাকমা।
এছাড়াও জীবনশৈলী পরিবর্তনের মাধ্যমে স্থূলতা নিয়ন্ত্রণ বিষয়ক প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন ডাঃ স্বপন সরকার, ডাঃ এসবি নাথ, ডাঃ নির্জা সইকিয়া ও ডাঃ গৌতম হাজারিকা।
দ্বিতীয় সেশনে জরায়ু ক্যানসার নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই সেশনে আলোচক হিসেবে থাকবেন প্রফেসর ডাঃ জে এল বৈদ্য, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাঃ মেহেবুর রহমান ও ডা অসীম কান্তি অধিকারী। আলোচনা শেষে অনুষ্ঠিত হবে কুইজ প্রতিযোগিতা।
১৪ ডিসেম্বর, রবিবার মুক্তধারা অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে জীবনশৈলী নির্ভর রোগ ও জরায়ু ক্যানসার বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান শেষে রাজ্যে রোগ প্রতিরোধে উল্লেখযোগ্য কাজের জন্য তিনটি রোটারি এবং পাঁচটি রোটারি বহির্ভূত প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাকে সংবর্ধনা জানানো হবে।
রোটারি ক্লাব অব আগরতলা সিটি’র পক্ষ থেকে মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য জনসচেতনতামূলক সেমিনারে সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করা হয়েছে।
