গোপাল সিং, খোয়াই, ১৫ ডিসেম্বর || রবিবার ভোর আনুমানিক সাতটা নাগাদ বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি রাবারের স্মোক হাউজ। ঘটনাটি ঘটেছে খোয়াই জেলার চাম্পাহাউর থানাধীন পরশুরামবাড়ি এলাকায়। এই অগ্নিকাণ্ডে স্মোক হাউজে মজুত থাকা প্রায় ছয় হাজার কেজি রাবারের শিট সম্পূর্ণভাবে পুড়ে যায়, যার বাজারমূল্য নয় লক্ষাধিক টাকা বলে অনুমান করা হচ্ছে।
ঘটনার বিবরণে জানা গেছে, খোয়াই পরশুরামবাড়ি এলাকার বাসিন্দা গয়া প্রসাদ দেববর্মার নিজ বাড়িতে অবস্থিত রাবারের স্মোক হাউজে রবিবার সকালে হঠাৎ করেই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো স্মোক হাউজে ছড়িয়ে পড়ে। দাহ্য রাবারের কারণে আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে এবং সেখানে সংরক্ষিত সমস্ত রাবারের শিট পুড়ে ছাই হয়ে যায়।
আগুনের ঘটনা নজরে আসতেই গয়া প্রসাদ দেববর্মা দ্রুত খোয়াই দমকল বিভাগে খবর দেন। খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে স্মোক হাউজ ও সেখানে থাকা রাবারের শিট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত মালিক জানান, স্মোক হাউজ ও রাবারের শিট মিলিয়ে তাঁর প্রায় কুড়ি লক্ষ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।
সাত সকালে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও দমকল বিভাগ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
