গোপাল সিং, খোয়াই, ১৫ ডিসেম্বর || খোয়াই থানাধীন মধ্যগণকি গাওসভার তবলাবাড়ি এলাকায় জঙ্গলের ভিতর রহস্যজনক রক্তের ছাপ ও দুটি রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন ও জল্পনা শুরু হয়েছে স্থানীয়দের মধ্যে।
ঘটনার বিবরণে জানা যায়, রবিবার বিকেল আনুমানিক ৫টা নাগাদ এলাকার কয়েকজন বাসিন্দা জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে রাস্তার ওপর রক্তের মতো ছাপ দেখতে পান। কিছুটা দূরত্বে পড়ে থাকতে দেখা যায় দুটি রান্নার গ্যাস সিলিন্ডার। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা দ্রুত মধ্যগণকি গাওসভার উপপ্রধান সূর্য কুমার নাথকে বিষয়টি জানান। তিনি সঙ্গে সঙ্গে খোয়াই থানায় খবর দেন।
খবর পেয়ে খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকারের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ রক্তের ছাপযুক্ত স্থানটি ঘিরে তল্লাশি চালায় এবং জঙ্গল থেকে পড়ে থাকা দুটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করে হেফাজতে নেয়। তবে ঘটনাস্থলে কোনো ফরেনসিক দল না পৌঁছানোয় বিষয়টি নিয়ে কৌতূহল আরও বেড়েছে।
এ বিষয়ে খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, উদ্ধার হওয়া দুটি গ্যাস সিলিন্ডারই খালি অবস্থায় ছিল। রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং দীর্ঘ সময় ধরে আশপাশের এলাকা তন্নতন্ন করে তল্লাশি চালানো হয়েছে। তবে আপাতত কোনো ব্যক্তি বা অপরাধমূলক ঘটনার সরাসরি প্রমাণ মেলেনি। একটি নির্দিষ্ট দিক ধরে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
হঠাৎ করে জঙ্গলের ভিতর রক্তের দাগ ও পরিত্যক্ত গ্যাস সিলিন্ডার উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ও উৎকণ্ঠার পরিবেশ সৃষ্টি হয়েছে। পুলিশ তদন্তের অগ্রগতির দিকেই এখন তাকিয়ে স্থানীয় বাসিন্দারা।
