আপডেট প্রতিনিধি, ঊনকোটি, ১৭ ডিসেম্বর || কেন্দ্রীয় সরকারের স্বপ্নের প্রকল্প ‘জল জীবন মিশন’ ঊনকোটি জেলার পাহাড়ি এলাকায় এসে কার্যত ব্যর্থতার ছবি তুলে ধরছে। কাগজে-কলমে কোটি কোটি টাকার উন্নয়নের ঢাকঢোল বাজলেও বাস্তবে আজও প্রায় ৭০টি পরিবারের তিন শতাধিক মানুষ নিরাপদ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন।
ঊনকোটি এডিসি ভিলেজের ২ নম্বর ওয়ার্ডের শিববাড়ি ও বড় শিববাড়ি এলাকায় গিয়ে দেখা যায়, জল সংগ্রহ করতে গিয়ে পাহাড়বাসীর নিত্যদিনের সংগ্রাম। নিয়মিত জল সরবরাহের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে জল আসে অনিয়মিত ও অপর্যাপ্তভাবে।
অনেক সময় দিনের পর দিন একটি ফোঁটা জলও পাওয়া যায় না। ফলে শিশু ও মহিলাদের জীবনের ঝুঁকি নিয়ে পাহাড় বেয়ে নিচে নেমে প্রায় শুকিয়ে যাওয়া ছড়া থেকেই জল সংগ্রহ করতে বাধ্য হতে হচ্ছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয়, নুনছড়া এলাকায় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই প্ল্যান্ট থেকে একদিনের জন্যও তাদের এলাকায় জল সরবরাহ করা হয়নি।
এই পরিস্থিতিতে পাহাড়বাসীর ক্ষোভ ক্রমশ বাড়ছে। তাঁদের প্রশ্ন—জল জীবন মিশনের নামে বরাদ্দ হওয়া বিপুল অর্থ কি শুধুই কাগুজে উন্নয়ন আর লুটের খাতায় সীমাবদ্ধ? নাকি পাহাড়ের মানুষের জীবন ও মৌলিক অধিকার রক্ষার দায় সরকারের নেই?
স্থানীয়দের দাবি, অবিলম্বে প্রকল্পগুলির বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং পাহাড়ি এলাকায় নিয়মিত ও নিরাপদ পানীয় জল সরবরাহ নিশ্চিত করা হোক।
