খোয়াইয়ে আবারও বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার, দালালচক্র দমনে প্রশ্ন পুলিশের তৎপরতা নিয়ে

গোপাল সিং, খোয়াই, ১৭ ডিসেম্বর || খোয়াই জেলায় ফের সক্রিয় হয়ে উঠেছে মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ চক্র। ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী খোয়াই জেলায় দালালচক্রের দৌরাত্ম্যে মানব পাচার যে এখনও অব্যাহত, তারই প্রমাণ মিলল বুধবার সন্ধ্যায়।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টা নাগাদ খোয়াই শহরের ব্যস্ত সুভাষপার্ক এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করতে সক্ষম হয় সাদা পোশাকের পুলিশ। আটক ব্যক্তিকে পরবর্তী সময়ে সুভাষপার্ক আউটপোস্টে নিয়ে যাওয়া হয় এবং জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, খোয়াই জেলা পুলিশের পক্ষ থেকে গঠিত সাদা পোশাকের বিশেষ টিমের সক্রিয় নজরদারির ফলেই এই গ্রেপ্তার সম্ভব হয়েছে। তবে একের পর এক বাংলাদেশি নাগরিক ধরা পড়লেও, তাদের পেছনে থাকা ভারত-বাংলাদেশ উভয় দেশের দালালচক্র এখনও পুলিশের নাগালের বাইরে রয়ে গেছে— যা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।
জনসাধারণের মতে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফোন ট্র্যাকিং ও ডিজিটাল নজরদারির মাধ্যমে দালালচক্রের মূল হোতাদের চিহ্নিত করা সম্ভব হলেও পুলিশের সাইবার সেলের কার্যকারিতা নিয়ে স্পষ্ট কোনো ফল চোখে পড়ছে না। সম্প্রতি খোয়াইয়ে মানব পাচার চক্রের এক ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার হলেও, তার সূত্র ধরে আর কোনও বড় সাফল্য না আসায় পুলিশের তদন্তের ফলো-আপ নিয়েও অসন্তোষ প্রকাশ করছেন সাধারণ মানুষ।
খোয়াইবাসীর দাবি, সীমান্ত সুরক্ষা জোরদার করার পাশাপাশি দালালচক্রের শিকড় উপড়ে ফেলতে দ্রুত ও কার্যকর তদন্ত প্রয়োজন। নচেৎ খোয়াইতে মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশের এই চক্র আরও ভয়ংকর রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*