আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ জানুয়ারি || এম এন রেগা প্রকল্প থেকে মহাত্মা গান্ধীজীর পরিচয় মুছে দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদে সামিল হলো ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেস। সংগঠনের অভিযোগ, মোদি সরকার মনরেগা থেকে গান্ধীজীর নাম সরিয়ে দিয়ে একদিকে যেমন গান্ধীজীর উত্তরাধিকারকে আক্রমণ করছে, তেমনি অন্যদিকে শ্রমিকদের অধিকারকেও ক্ষুণ্ণ করছে।
এই সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার আগরতলায় এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি সার্কিট হাউস পর্যন্ত যাওয়ার কথা থাকলেও পুলিশি বাধায় তা সম্ভব হয়নি। বুদ্ধমন্দির এলাকায় পৌঁছালে পুলিশ মিছিলটি আটকে দেয়। এর ফলে সেখানেই অবস্থান বিক্ষোভে বসেন শ্রমিক সংগঠনের সদস্যরা।
বিক্ষোভ চলাকালীন কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত বিলের কপি পুড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানানো হয়। সংগঠনের নেতৃত্বের বক্তব্য, মনরেগা কেবল একটি কর্মসংস্থান প্রকল্প নয়, এটি শ্রমিকদের ন্যূনতম জীবিকার সুরক্ষা এবং গান্ধীজীর আদর্শের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। সেই প্রকল্প থেকে গান্ধীজীর নাম মুছে দেওয়া মানে ইতিহাস ও শ্রমজীবী মানুষের অধিকারের প্রতি চরম অবমাননা।
পুলিশি বাধার মধ্যেই শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন বিক্ষোভকারীরা। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দেন, কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।
